পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী তাকে কারাগারে যেতে হবে। তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা আত্মসমর্পণ করলে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তাকে কারাগারে যেতে হবে এবং এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন। তাই একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য নিয়ে সরকারের বিবেচনা করার কিছু নেই।
বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে শেখ হাসিনা আত্মসমর্পণ করতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোথায় এবং কীভাবে কোনো আসামি আত্মসমর্পণ করবেন, সেটি তার নিজস্ব বিষয়। তবে যেখানেই আত্মসমর্পণ করা হোক না কেন, আইন অনুযায়ী তাকে প্রথমে কারাগারেই যেতে হবে।
তিনি আরও জানান, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। দেশে ফেরার পর তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ আইন অনুযায়ী নির্ধারিত হবে।
আগামী ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি এটিকে আত্মগোপনে থাকা বা দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করার রাজনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছেন।
তার ভাষ্য, আত্মসমর্পণ না করে বিদেশে অবস্থান থেকে দেওয়া এসব বক্তব্য মূলত দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। এর বাইরে তিনি অন্য কোনো কারণ দেখছেন না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা কোথায় এবং কখন আত্মসমর্পণ করবেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তাকে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাওয়া সরকারের দায়িত্ব।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!