ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, অপরাধীর কোনো দল, মত বা সামাজিক পরিচয় নেই। তাই পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সোমবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, কোনো ধরনের অপরাধ যাতে থানা এলাকায় সংঘটিত না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। তবে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় জুন মাসে ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখা বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার।
অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, মহানগরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!