জাতীয়

বন্যাদুর্গত মানুষের পাশে সরকার থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট: জুলা ১৩, ২০২৬ : ০৫:৪২ পিএম
বন্যাদুর্গত মানুষের পাশে সরকার থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।

সোমবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নে বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেওয়া এবং ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। পরে এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি বন্যাদুর্গত মানুষের প্রতি শুভেচ্ছা ও সমবেদনা জানাচ্ছেন। তিনি বলেন, গত কয়েক দিন ধরে মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। সরকার চায় এই সংকট দ্রুত কাটিয়ে উঠুক এবং কোনো দুর্গত মানুষ যেন খাদ্যসহায়তা থেকে বঞ্চিত না হন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শুধু জরুরি খাদ্য সহায়তাই নয়, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত, কৃষিজমির ক্ষতি, মাছের ঘের ও গবাদিপশুর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতেও সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। ক্ষতিগ্রস্ত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, উপজেলা ও জেলা প্রশাসন বন্যার শুরু থেকেই দুর্গত মানুষের সহায়তায় কাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমন্বয় জোরদার করতেই তিনি দুর্গত এলাকা পরিদর্শনে এসেছেন।

প্রতিমন্ত্রী প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দুর্গম এলাকায় খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দিতে দুই বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য, জনপ্রতিনিধি ও রাজনৈতিক-সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!