জাতীয়

‘মিলেমিশে দেশের জন্য কাজ করি’—বরিশাল থেকে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট: জুলা ১৩, ২০২৬ : ০৫:৪৪ পিএম
‘মিলেমিশে দেশের জন্য কাজ করি’—বরিশাল থেকে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাই মিলে দেশের জন্য কাজ করলে তার সুফল পুরো জাতি ভোগ করবে।

সোমবার বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যেমন সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ একসঙ্গে দেশ স্বাধীন করতে লড়াই করেছিলেন, তেমনি সম্প্রতি সবাই মিলে স্বৈরাচারকে বিদায় দিয়েছে। সেই ঐক্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। পরিবেশ সংরক্ষণে নাগরিকদের দায়িত্বের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের বা সিটি করপোরেশনের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

সাগরদী খালের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, খালটি এলাকার জন্য গুরুত্বপূর্ণ। এর পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল হতে হবে। খালে প্লাস্টিকের বোতল, পলিথিন ও অন্যান্য বর্জ্য না ফেলার জন্য তিনি উপস্থিত মানুষের প্রতি আহ্বান জানান এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করার অনুরোধ করেন।

সিটি করপোরেশনের প্রতি খালের পাশের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, খালের সঙ্গে গৃহস্থালির বর্জ্য ও পয়োনিষ্কাশনের সংযোগ পরিবেশের জন্য ক্ষতিকর। ড্রেনেজ ও পয়োনিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিজের ঘর যেমন সবাই পরিষ্কার রাখে, তেমনি নিজ এলাকার পরিবেশ রক্ষার দায়িত্বও সবার। অন্য দেশের পরিচ্ছন্ন পরিবেশ দেখে আফসোস না করে নিজেদের দেশকেই সুন্দর ও বাসযোগ্য করে তোলার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ স্থানীয় নেতারা অংশ নেন। পরে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। বরিশাল সফরের শেষ কর্মসূচি হিসেবে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে যোগ দেওয়ার কথা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!