জাতীয়

মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন অটুট থাকে: বরিশালে নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

আপডেট: জুলা ১৪, ২০২৬ : ০৪:৪৪ এএম
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন অটুট থাকে: বরিশালে নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

দলের ভেতরে মতপার্থক্য থাকলেও তা যেন কোনোভাবেই ঐক্যে ফাটল সৃষ্টি না করে—বিএনপির নেতাকর্মীদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ঐক্য অটুট থাকলে কোনো ফ্যাসিস্ট শক্তি বা গুপ্তচর দলীয় সংগঠনে অনুপ্রবেশ করে সুবিধা নিতে পারবে না।

সোমবার বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘দলের ভেতরে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সে কারণে যেন ঐক্য নষ্ট না হয়। ঐক্যে ফাটল ধরলেই অপশক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করবে।’

গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, গুম, খুন ও নির্যাতনের মধ্যেও নেতাকর্মীরা দলকে ধরে রেখেছেন। তখন সবাই ঐক্যবদ্ধ ছিলেন। এখন সেই পরিস্থিতি না থাকলেও ঐক্য আরও শক্তিশালী রাখতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলকে সংগঠিত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বর্ষা শেষে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হবে। এর আগেই সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করতে হবে। তবে দল গোছানোর ক্ষেত্রে ‘হাইব্রিড’ ও ‘গুপ্ত’ অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন ধর্মীয় উৎসবের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রমের সমালোচনা করে তারেক রহমান বলেন, উন্নয়নের নামে বিপুল অর্থ অপচয় ও পাচার হয়েছে। তাঁর দাবি, অবকাঠামো নির্মাণে অস্বাভাবিক ব্যয় এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে অনেক এলাকায় জলাবদ্ধতা ও নগর সমস্যা বেড়েছে।

তিনি বলেন, উন্নয়ন শুধু সড়ক বা সেতু নির্মাণে সীমাবদ্ধ নয়; স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির উন্নয়নই প্রকৃত উন্নয়ন। উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার পাশাপাশি সারাদেশে এক হাজার বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি, ব্যাংকিং, স্বাস্থ্য ও শিক্ষা খাত সংকটাপন্ন অবস্থায় ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ একটি পরিবারের মতো। সবাই যদি দায়িত্বশীলভাবে কাজ করেন, তবেই শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!