বাংলাদেশি হাজিদের হজ পালনের ব্যয় কমাতে সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, হজযাত্রার বিমান ভাড়ার ওপর আরোপিত কর ও বিভিন্ন মাশুল কমানো গেলে প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি হাজি উপকৃত হবেন।
সোমবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আফরোজা খানম বলেন, সৌদি কর্তৃপক্ষ বিমান ভাড়ার ওপর আরোপিত কর ও অন্যান্য চার্জ কমালে হজের সামগ্রিক ব্যয় কমবে। এতে বাংলাদেশি হাজিরা আর্থিকভাবে স্বস্তি পাবেন। এ বিষয়ে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হাজিদের সেবার মান উন্নয়ন এবং হজকে আরও সাশ্রয়ী করতে সৌদি সরকার ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে। বৈঠকে প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত ‘ক্যাটাগরি–ডি’ আবাসন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে তা পুনর্বহালের অনুরোধ জানান।
বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!