বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ তথ্য জানান। পোস্টে তিনি ছাত্রশিবিরকে নিজের ‘আবেগ ও ভালোবাসার প্রিয় সংগঠন’ উল্লেখ করে বলেন, জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময়গুলো তিনি এই সংগঠনের সঙ্গেই কাটিয়েছেন।
সাদিক কায়েম লেখেন, ছাত্রশিবির তাঁকে দেশ ও জাতি নিয়ে ভাবতে শিখিয়েছে, জড়তা কাটিয়ে কথা বলতে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করেছে। একই সঙ্গে আত্মিক ও নৈতিক বিকাশেও সংগঠনটির ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের সঙ্গে কাটানো সময়কে জীবনের অন্যতম বড় অর্জন উল্লেখ করে তিনি বলেন, তাঁদের কাছ থেকে তিনি প্রতিনিয়ত শিখেছেন এবং অনুপ্রেরণা পেয়েছেন।
পোস্টের শেষাংশে সাদিক কায়েম সংগঠনের জন্য দোয়া করে বলেন, ভবিষ্যতেও ছাত্রশিবির যেন নিপীড়িত মানুষের পাশে থেকে ভূমিকা রাখতে পারে এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যায়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!