বিশ্বকাপ জয়ের অপূর্ণ স্বপ্নকে ঘিরে তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার যে মন্তব্য করেছেন, তা ২০৩০ বিশ্বকাপে তাঁর সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।
‘নের্ড সোউল এআই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে নেইমারের বিভিন্ন বয়সের সংস্করণকে পরস্পরের মুখোমুখি দেখানো হয়। সেখানে ছোটবেলার নেইমার ভবিষ্যতের নেইমারের কাছে জানতে চায়, তাঁরা কখনো বিশ্বকাপ জিততে পেরেছিলেন কি না।
ভিডিওতে প্রাপ্তবয়স্ক নেইমারকে বলতে দেখা যায়, বিশ্বকাপ জয়ের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। এরপর তিনি ছোটবেলার নিজের কাছেই শেষবারের মতো ২০৩০ বিশ্বকাপে মাঠে নামার অনুপ্রেরণা চান।
ভিডিওর শেষ দৃশ্যে ভবিষ্যতের আরও বয়স্ক এক নেইমারের হাতে ‘২০৩০’ খোদাই করা একটি বিশ্বকাপ ট্রফি দেখা যায়। আর ছোটবেলার নেইমারের কণ্ঠে শোনা যায়, ‘হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জেতার চেষ্টা করো।’
ভিডিওটি প্রকাশের পর ইনস্টাগ্রামে তাতে তিনটি আবেগঘন ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান নেইমার। তাঁর এই প্রতিক্রিয়াকে ঘিরেই ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে নেইমার আনুষ্ঠানিকভাবে ২০৩০ বিশ্বকাপে খেলার ঘোষণা দেননি। তাঁর মন্তব্যকে অনেকেই ভিডিওটির প্রতি আবেগঘন প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন।
প্রকাশের ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩ কোটির বেশি বার দেখা হয়। পাশাপাশি এতে লাখো প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার জমা পড়ে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!