নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি কমে বিপৎসীমার নিচে নেমেছে। মঙ্গলবার বেলা ১১টায় নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এর আগে সোমবার রাতে টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে ডিমলা ও জলঢাকা উপজেলার কয়েকটি নিম্নাঞ্চলে নদীর পানি ঢুকে পড়ে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায়ও পানি প্রবেশ করে।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, সোমবার রাতে নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হলেও মঙ্গলবার সকাল থেকে পানি কমতে শুরু করায় অনেক এলাকায় বন্যার পানি নেমে যাচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, মঙ্গলবার বেলা ১১টায় তিস্তার পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে নেমে এসেছে। পরিস্থিতির আরও উন্নতি হবে এবং পানি কমতে থাকবে বলে আশা করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!