শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার রাতের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করবেন তারা। পরে উত্তরা বিএনএস সেন্টারের সামনের সড়ক থেকে অবস্থান কর্মসূচি শেষ করে তারা সরে যান।
এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায়ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান তৈরি হয়। সেখানে বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত আন্দোলনকারীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান করছিলেন। ওই এলাকায় পুলিশও অবস্থান নেয়। একই সময়ে ছাত্রদলের নেতা–কর্মীদেরও সেখানে দেখা যায়।
এর আগে টানা বৃষ্টি ও রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে সোমবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে অগ্রসর হন।
পরে ভিসি চত্বরের সামনে থেকে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর আন্দোলনকারীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন। শিক্ষার্থীদের দাবি, প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।
No comments yet. Be the first to comment!