টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের গতি বাড়াতে প্রযুক্তি হস্তান্তর, সহজ শর্তে অর্থায়ন এবং আন্তর্জাতিক অংশীদারত্ব আরও জোরদারের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামের (এইচএলপিএফ) সাধারণ বিতর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করতে ‘রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন (থ্রি-আর)’ কৌশল বাস্তবায়ন করছে।
তিনি জানান, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শিল্পের সম্প্রসারণ রয়েছে।
জোনায়েদ সাকি বলেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর পাশাপাশি জীবনচক্রভিত্তিক সার্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালুর মাধ্যমে গ্রামীণ জীবিকা, খাদ্যনিরাপত্তা ও কৃষি উৎপাদনশীলতা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশের টেকসই উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি উন্নয়ন সহযোগীদের প্রতি অনুদান, সহজ শর্তের ঋণ, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান। তাঁর মতে, বৈশ্বিক অংশীদারত্ব জোরদার হলে এসডিজি বাস্তবায়নের পাশাপাশি বাংলাদেশের টেকসই উন্নয়ন যাত্রাও আরও গতিশীল হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!