জাতীয়

বন্যাকবলিত চট্টগ্রামে ক্ষতিগ্রস্তদের পাশে রিজভী ও ভূমি প্রতিমন্ত্রী

আপডেট: জুলা ১৫, ২০২৬ : ০৫:০২ এএম
বন্যাকবলিত চট্টগ্রামে ক্ষতিগ্রস্তদের পাশে রিজভী ও ভূমি প্রতিমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে জরুরি খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদীপ বাজারসংলগ্ন এলাকা, বাঁশখালীর ইলিশা এবং সাতকানিয়া উপজেলার পাঠানের পুল এলাকা পরিদর্শন করেন তারা।

পরে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় নৌকায় করে সাতকানিয়ার কেউচিয়াসহ প্লাবিত ও জলাবদ্ধ বিভিন্ন এলাকায় গিয়ে দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন। তাদের দুর্ভোগের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে বন্যাকবলিত অঞ্চলের ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কোনো ধরনের বৈষম্য ছাড়াই দ্রুত ও সুষমভাবে ত্রাণ বিতরণের নির্দেশ দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

পরিদর্শন ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!