রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার আগ্রাবাদ চৌমুহনী এলাকায় চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এবং আশপাশের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন মেয়র। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে জলাবদ্ধতার কারণ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন তিনি।
পরিদর্শনকালে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন মেয়র।
ডা. শাহাদাত হোসেন বলেন, নাগরিকদের সহযোগিতা ছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি নগরবাসীর প্রতি ড্রেন, নালা ও খালে কোনো ধরনের বর্জ্য না ফেলার আহ্বান জানান।
মেয়র জানান, দেওয়ানহাট–আগ্রাবাদ এলাকার জলাবদ্ধতা কমাতে নাসির খাল ছড়া ও লালমিয়া খাল ছড়াসহ গুরুত্বপূর্ণ জলপ্রবাহগুলো দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব খাল ও ছড়ার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, নারী নেত্রী ফাতেমা বাদশা এবং চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!