চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র বর্তমানে পরীক্ষা গ্রহণের উপযোগী রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা, বন্যা পরিস্থিতি এবং সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।
মাহদী আমিন বলেন, বিরূপ আবহাওয়ার কারণে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের উদ্বেগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষক-অভিভাবকদের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের প্রস্তুতির মূল্যায়ন করে যথাসময়ে পরীক্ষা সম্পন্ন করাও সরকারের দায়িত্ব।
সরকারি তথ্য অনুযায়ী, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
ড. মাহদী আমিন জানান, বিরূপ আবহাওয়ার কারণে দেশের অন্য কোনো অঞ্চলের পরীক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারলে তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।
তিনি আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল শনাক্ত হওয়ায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে প্রয়োজন অনুযায়ী পরীক্ষাকেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা সময় বাড়ানোর ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের উদাহরণ তুলে ধরে মাহদী আমিন বলেন, আকস্মিক জলাবদ্ধতায় একটি কেন্দ্রে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দিয়ে প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তবে বোর্ডের বাকি ১৯২টি কেন্দ্রে পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছে।
তিনি অভিযোগ করেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার ছবি ও ভিডিও ব্যবহার করে পুরো পরীক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। মিথ্যা বা পুরোনো ছবি-ভিডিও ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষে শিক্ষার্থীদের উদ্দেশে মাহদী আমিন বলেন, ভবিষ্যৎ নির্মাণে তাদের মেধা ও যোগ্যতার ওপর সরকারের আস্থা রয়েছে। সব ধরনের বিভ্রান্তি ও উদ্বেগ দূরে রেখে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অটুট রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!