জাতীয়

১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

আপডেট: জুলা ১৫, ২০২৬ : ০৫:১৯ এএম
১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

নতুন করে কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা না থাকলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মো. সানিউল ফেরদৌস।

জেলা প্রশাসক বলেন, বান্দরবানের বিপুলসংখ্যক মানুষের জীবিকা পর্যটনশিল্পের ওপর নির্ভরশীল। টানা কয়েকদিন পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলে এবং ১৫ জুলাইয়ের পর বড় ধরনের কোনো দুর্যোগের আশঙ্কা না থাকলে ১৬ জুলাই থেকে জেলার সব পর্যটনকেন্দ্র পুনরায় চালু করা হবে।

তিনি বলেন, সাম্প্রতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতের যেকোনো দুর্যোগও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!