দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেছেন, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলে।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন বিদ্যালয়ে একযোগে প্রায় দুই লাখ গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর চেষ্টা করবে। সেটা স্কুলে হোক বা বাড়ির আশপাশে—যেখানেই সম্ভব, একটি গাছ রোপণ করবে।’
তিনি শিশুদের গাছ সম্পর্কে জানারও আহ্বান জানিয়ে বলেন, ‘তোমরা ইন্টারনেটে খুঁজে দেখবে, একটি গাছ কতটুকু অক্সিজেন দেয়, পরিবেশ ও মানুষের জন্য কী কী উপকার করে। এতে প্রতি বছর নতুন একটি গাছ সম্পর্কে জানতে পারবে।’
গাছের উপকারিতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যালয়ে লাগানো গাছ বড় হলে তা শিক্ষার্থীদের ছায়া দেবে এবং বিশ্রামের স্থান হয়ে উঠবে। বাড়িতে লাগানো গাছও পরিবেশকে শীতল রাখার পাশাপাশি নির্মল বাতাস নিশ্চিত করবে।
তিনি বলেন, ‘আজকের দিনটি গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অসংখ্য গাছ রোপণ করেছি। এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক শিক্ষা–সংক্রান্ত উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!