জাতীয়

বন্যার ক্ষতি কাটিয়ে দ্রুত অবকাঠামো সংস্কারে সমন্বিত উদ্যোগের তাগিদ

আপডেট: জুলা ১৫, ২০২৬ : ০৫:৫৮ এএম
বন্যার ক্ষতি কাটিয়ে দ্রুত অবকাঠামো সংস্কারে সমন্বিত উদ্যোগের তাগিদ

পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে অবকাঠামো সংস্কারে সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার বান্দরবান পার্বত্য জেলায় অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং প্রশাসনিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের মতামত ও পর্যবেক্ষণ শোনেন এবং সমস্যা সমাধানে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্যাকবলিত পার্বত্য এলাকার মানুষের দুর্ভোগ নিরসনের পাশাপাশি সদর থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যোগাযোগব্যবস্থা দ্রুত পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পুনর্বাসন কার্যক্রমে যেন কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদ না পড়েন, সে জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ আওতাধীন কাজের তথ্য-উপাত্ত সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং জনপ্রতিনিধিরা।

প্রসঙ্গত, গত ১০ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ গেজেটের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের সাম্প্রতিক বন্যা-পরবর্তী উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে সমন্বয়ের জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর তিনি চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার ও বান্দরবানের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিক সমন্বয় সভা করেন।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!