বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে আরও চারটি কারখানা পরিবেশবান্ধব ভবনের আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিড (LEED)’ সনদ অর্জন করেছে। নতুন চারটি কারখানা যুক্ত হওয়ায় দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০টিতে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার, কার্বন নিঃসরণ হ্রাস, বর্জ্য ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ পরিবেশের মান, টেকসই পরিচালনা ব্যবস্থা এবং পরিবেশবান্ধব কার্যক্রমসহ বিভিন্ন মানদণ্ডে মূল্যায়ন করে এ সনদ প্রদান করে। অর্জিত নম্বরের ভিত্তিতে কারখানাগুলোকে সার্টিফায়েড, সিলভার, গোল্ড ও প্লাটিনাম—এই চার স্তরে স্বীকৃতি দেওয়া হয়।
নতুন স্বীকৃতি পাওয়া চারটি কারখানার মধ্যে চট্টগ্রামের নর্থ নাসিরাবাদ শিল্প এলাকার ক্যানভাস গার্মেন্টস প্রাইভেট লিমিটেড ৯০ পয়েন্ট এবং গাজীপুরের ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড ৮৮ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে।
এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরের করিম টেক্সটাইলস লিমিটেড ৭৩ পয়েন্ট নিয়ে গোল্ড এবং ঢাকার ধামরাইয়ের করিম টেক্স লিমিটেড ৫৩ পয়েন্ট অর্জন করে সিলভার সনদ লাভ করেছে।
চারটি কারখানাই লিড অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স (ও+এম) রেটিং পদ্ধতির আওতায় পরিচালনাধীন ভবনের পরিবেশগত কর্মদক্ষতা ও রক্ষণাবেক্ষণের মানদণ্ড পূরণ করায় এ স্বীকৃতি পেয়েছে।
নতুন এই চারটি কারখানাসহ দেশে এখন মোট ২৯০টি লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ১২৫টি প্লাটিনাম, ১৪৫টি গোল্ড, ১৮টি সিলভার এবং ২টি সার্টিফায়েড পর্যায়ের।
পরিবেশবান্ধব শিল্পায়নের বৈশ্বিক সূচকেও বাংলাদেশের অবস্থান শক্তিশালী। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ স্কোর পাওয়া শীর্ষ ১০০টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশের। সংশ্লিষ্টরা বলছেন, এসব স্বীকৃতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার করছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!