স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করতে চায় না সরকার। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “নীতিগতভাবে আমরা চাই, একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভাগ্য কোনো নির্বাহী আদেশের মাধ্যমে নয়, বরং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হোক। এটিই বিএনপির দীর্ঘদিনের অবস্থান।”
তিনি বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদের আলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন আনার পর কোনো সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারের সুযোগ তৈরি হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে এই আইনের আওতায় শুধু ব্যক্তিদের বিচারের সুযোগ ছিল। সংশোধিত বিধানের মাধ্যমে এখন সংগঠনকেও বিচারের আওতায় আনা সম্ভব হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হবে। তদন্ত শেষে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হলে আদালতের প্রক্রিয়ার মাধ্যমেই দলটির বিষয়ে সিদ্ধান্ত হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত হলে আদালতই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!