জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা গেলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে বাগেরহাটে প্রতিষ্ঠিত স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল আইটি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শনিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে লতিফ মাস্টার ফাউন্ডেশন চত্বরে স্কিল আইটির নির্মাণ ফলক উন্মোচন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো দক্ষ জনশক্তি তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তথ্যপ্রযুক্তি, ভাষা শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব।
তিনি বলেন, শিক্ষিত বেকার যুবকদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনা গেলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এতে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। আধুনিক প্রযুক্তি শিক্ষা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তারা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে।
তিনি মরহুম আব্দুল লতিফ মাস্টারের শিক্ষাক্ষেত্রে অবদানের কথা স্মরণ করে বলেন, বৃত্তি, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে এ প্রতিষ্ঠান ভবিষ্যতে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ মো. রফিকুল ইসলাম (জগলু), বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আয়শা সিদ্দিকা মানি, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্যসচিব মোজাফফর রহমান আলমসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজিতে প্রাথমিকভাবে নয়টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি, গ্রাফিক্স ডিজাইন, কোরিয়ান ও জাপানি ভাষা শিক্ষা, সেলাই এবং ড্রাইভিংসহ বিভিন্ন কর্মমুখী কোর্স রয়েছে। প্রতিটি ট্রেডে ৯০ জন প্রশিক্ষণার্থী তিন ও ছয় মাস মেয়াদি কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে সরকার অনুমোদিত সনদ ও ব্যবহারিক অভিজ্ঞতার ভিত্তিতে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠান শেষে ডেপুটি স্পিকার বাগেরহাটবাসীর মধ্যে দুই হাজার ফলজ গাছের চারা বিতরণ করেন। পরে তিনি বাগেরহাট আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!