জাতীয়

চট্টগ্রামকে বাসযোগ্য করতে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের

আপডেট: জুলা ২০, ২০২৬ : ০৫:৩৮ এএম
চট্টগ্রামকে বাসযোগ্য করতে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের

চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ও বাসা থেকেই পরিচ্ছন্নতার চর্চা শুরু করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি বলেন, ‘এই দেশ আমাদের, এই মাটির সন্তান আমরা। চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্বও আমাদের সবার।’

সভায় জেলা প্রশাসক বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা দীর্ঘমেয়াদি কাজ। এজন্য সরকারি অফিস, সরকারি আবাসন এবং জনপরিসরে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।

তিনি বলেন, আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ছাদ পরিষ্কার কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পালন করতে হবে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং অধীনস্থ সব সরকারি দপ্তরকে সমন্বিতভাবে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা চাই, সারা দেশের সামনে চট্টগ্রাম পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতার একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠুক।’

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন সঞ্চালনা করেন। এতে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত ছিলেন।

সভা শেষে ২৫ জুলাইয়ের বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক তদারকি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!