শ্রমখাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনের সফরে বাংলাদেশে আসা আইএলও মহাপরিচালকের সঙ্গে বৈঠকে শামা ওবায়েদ শ্রমখাতে সরকারের চলমান সংস্কার কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, সরকার শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিমন্ত্রী আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রমিকদের অধিকার রক্ষায় নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
বৈঠকে তিনি শ্রম সুশাসন জোরদার, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন নিশ্চিত করতে আইএলওর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, শ্রমখাতের সংস্কারে বাংলাদেশের অগ্রগতি আইএলও গভর্নিং বডির আসন্ন অধিবেশনে যথাযথ স্বীকৃতি পাবে। একই সঙ্গে আইএলওর সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদের আওতায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি প্রত্যাশা করেন।
বৈঠকে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো শ্রমখাতে সংস্কার ও কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ সরকারের উদ্যোগ এবং রাজনৈতিক অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি বলেন, শোভন কর্মপরিবেশ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রচেষ্টায় আইএলও ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।
হুংবো আরও বলেন, শ্রম পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের অভিজ্ঞতা অন্য দেশগুলোর জন্যও একটি কার্যকর উদাহরণ হতে পারে।
বৈঠকে বাংলাদেশ ও আইএলওর মধ্যে অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!