জাতীয়

যাদু মিয়া শহীদ জিয়াকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: তথ্যমন্ত্রী

আপডেট: জুলা ২২, ২০২৬ : ০৪:২২ এএম
যাদু মিয়া শহীদ জিয়াকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: তথ্যমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামরিক কর্মকর্তা থেকে জনপ্রিয় রাজনৈতিক নেতায় রূপান্তর এবং বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক ভিত্তি গড়ে তুলতে মশিয়ূর রহমান যাদু মিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মশিয়ূর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জননেতা মশিয়ূর রহমান যাদু মিয়া স্মৃতি জাতীয় কমিটি।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫–পরবর্তী রাজনৈতিক সংকটের সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক ধারা যখন দিকনির্দেশনা সংকটে ছিল, তখন ভবিষ্যৎ রাজনীতির পথরেখা তৈরিতে যাদু মিয়া দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক বিকাশের মূল্যায়ন যাদু মিয়াকে ছাড়া পূর্ণাঙ্গ হয় না। একজন সেনা কর্মকর্তাকে ধাপে ধাপে রাজনৈতিক নেতৃত্বে নিয়ে আসার দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে পালন করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠা এবং জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন বিকাশেও তাঁর প্রজ্ঞার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মন্তব্য করেন মন্ত্রী।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, যাদু মিয়ার দূরদর্শী সিদ্ধান্তের ফলেই বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর রাজনৈতিক চিন্তা ও দর্শন বর্তমান সময়েও প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে ১৯৭৫–পরবর্তী দেশের রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সে সময় বিভিন্ন রাজনৈতিক দল ও মতধারা কার্যকর নেতৃত্বের সংকটে পড়েছিল। সেই বাস্তবতায় যাদু মিয়া বিকল্প রাজনৈতিক চিন্তা ও নেতৃত্বের ভিত্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন।

বিশিষ্ট ছড়াকার আবু সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ। স্মারক বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. ক্যাপ্টেন এম. রেজাউল করিম চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ দিদার বখত, জ্যেষ্ঠ সাংবাদিক গাজীউল হাসান খান, মোস্তফা কামাল মজুমদার এবং রাজনৈতিক বিশ্লেষক রিটা রহমান।

বক্তারা মশিয়ূর রহমান যাদু মিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও অবদান স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!