দেশে আন্তর্জাতিক মানের আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ও বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশে এমন একটি আধুনিক ও মানসম্পন্ন চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যেখানে উন্নত চিকিৎসাসেবা এবং উচ্চমানের চিকিৎসা শিক্ষা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও এর বিশেষায়িত হাসপাতালকে এমন প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান, যেখানে সেবা নিয়ে মানুষ সন্তুষ্ট থাকবে।
স্মরণসভায় অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের কর্মজীবন ও ব্যক্তিত্বের কথা তুলে ধরে জাহিদ হোসেন বলেন, তিনি ছিলেন একজন নির্ভীক, আন্তরিক ও মানবিক মানুষ। যেকোনো প্রয়োজনে তাঁকে সহজেই পাশে পাওয়া যেত এবং মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করতেন।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, স্মরণসভা আহ্বায়ক কমিটির সমন্বয়ক ডা. এহেতাশামুল হক তুহিন এবং সদস্যসচিব ডা. এবিএম শফিউল্লাহ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!