পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে নাগরিকদের নিজেদের ঘর থেকেই পরিবর্তনের সূচনা করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ শীর্ষক পরিষ্কার-পরিচ্ছন্নতা, কর্মপরিবেশ উন্নয়ন ও মশাবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচির প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মেয়র বলেন, শুধু সরকারি উদ্যোগে নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, একটি সমাজ বা রাষ্ট্র বদলাতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ভেতর থেকেই। প্রতি শনিবার অন্তত এক ঘণ্টা সময় দিয়ে বাসা, আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে পারলে পরিচ্ছন্ন নগর গঠন অনেক সহজ হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস শিশুদের ছোটবেলা থেকেই তৈরি করতে হবে। এ লক্ষ্যেই চসিক পরিচালিত বিদ্যালয়গুলোতে ‘স্কুল হেলথ স্কিম’ চালু করা হয়েছে। এর আওতায় শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলা এবং পরিচ্ছন্নতা বিষয়ে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ বা সিভিক সেন্স গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাসাবাড়ি থেকে শুরু করে গণপরিবহন পর্যন্ত যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতা বন্ধ না হলে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব হবে না।
সভায় বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!