জাতীয়

সাইবার বুলিং-ডিপফেকের বিরুদ্ধে কঠোর সরকার, আসছে বিশেষ আইনজীবী প্যানেল

আপডেট: জুলা ২২, ২০২৬ : ০৪:৩৫ এএম
সাইবার বুলিং-ডিপফেকের বিরুদ্ধে কঠোর সরকার, আসছে বিশেষ আইনজীবী প্যানেল

ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বিশেষ আইনজীবী প্যানেল গঠনের প্রশাসনিক প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন। জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপফেক, ভুয়া তথ্য ছড়ানো, অপপ্রচার এবং সাইবার বুলিং উদ্বেগজনক হারে বেড়েছে। এসব কর্মকাণ্ড শুধু ব্যক্তির সম্মানহানি ঘটায় না, সামাজিক অস্থিরতা ও নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করে। বিশেষ করে নারীরা এ ধরনের হয়রানির সবচেয়ে বড় শিকার।

তিনি জানান, গঠিত হতে যাওয়া বিশেষ আইনজীবী প্যানেল শুধু অভিযোগের ভিত্তিতে নয়, প্রয়োজন হলে স্বতঃপ্রণোদিত হয়েও আইনি ব্যবস্থা নিতে পারবে। সরকারের বিবেচনায় গুরুত্বপূর্ণ ঘটনাগুলোতেও এই প্যানেল সক্রিয় ভূমিকা রাখবে।

তথ্য উপদেষ্টা বলেন, নাগরিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের দ্রুত সহায়তা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। কেউ যদি সাইবার বুলিং, ডিপফেক বা অনলাইন হয়রানির শিকার হন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মূলধারার গণমাধ্যমে সংবাদ প্রকাশের আগে সম্পাদকীয় যাচাইয়ের একটি প্রক্রিয়া থাকে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সুযোগ নেই। ফলে ব্যবহারকারীদের আরও দায়িত্বশীল হতে হবে এবং যাচাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

ডেঙ্গু পরিস্থিতির উন্নতির দাবি

ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে।

তার ভাষ্য, ২০২৫ সালের একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১৭ হাজার ২১৮ জন। এ বছর একই সময়ে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫৭ জন। একইভাবে মৃত্যুও ৬২ জন থেকে কমে ৩৭ জনে নেমেছে।

জ্বালানি, প্রবাসী ও খাদ্য খাতেও অগ্রগতির তথ্য

ব্রিফিংয়ে তিনি বলেন, স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য ৪০টি প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করা হয়েছে। স্থলভাগে ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনার মধ্যে ইতিমধ্যে ২৯টি কূপ খনন শেষ হয়েছে এবং সেখান থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

এ ছাড়া আগামী আগস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু করার পরিকল্পনার কথা জানান তিনি। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এই ডেবিট কার্ড দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে দুই লাখ প্রবাসীর হাতে কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা-২০২৬’ জারির তথ্যও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, নতুন বিধিমালার আওতায় খাদ্য উৎপাদন, আমদানি, সংরক্ষণ ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আনা হবে।

এ ছাড়া পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহ দেওয়া, দূষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বিটিএমসির ১৬টি মিল পিপিপি পদ্ধতিতে পরিচালনার উদ্যোগসহ সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রমের তথ্যও তুলে ধরেন তিনি।

ব্রিফিংয়ের শেষে জাহেদ উর রহমান বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর অপব্যবহার রোধে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। একই সঙ্গে নাগরিকদেরও দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান জানান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!