জাতীয়

টানা বৃষ্টিতে রাজধানীতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৮০ টাকা

আপডেট: জুলা ২৪, ২০২৬ : ০৫:৩৬ এএম
টানা বৃষ্টিতে রাজধানীতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৮০ টাকা

টানা কয়েক দিনের বৃষ্টিতে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম আরও বেড়েছে। বাজারে অধিকাংশ সবজির দাম এখন কেজিপ্রতি ১০০ টাকার ওপরে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম, যা কেজিপ্রতি ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে কার্যকর নজরদারির অভাবে বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছেন।

শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে কচুর লতি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকা, বরবটি ১২০ টাকা, গাজর ১৩০ টাকা, শসা ১৪০ থেকে ১৬০ টাকা, করলা ১২০ টাকা, উচ্ছে ১৪০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা এবং কাঁকরোল ১২০ টাকায়। এ ছাড়া টমেটো বিক্রি হচ্ছে ১৬০ টাকা, কাঁচা মরিচ ২৮০ টাকা, ঢেঁড়স ও চিচিঙ্গা ৮০ টাকা, পটল ৮০ টাকা এবং পেঁপে ৪০ টাকা কেজিতে। লাউ ও জালি বিক্রি হচ্ছে প্রতিটি ৮০ থেকে ১০০ টাকায়।

মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা সরকারি চাকরিজীবী হায়দার আলী বলেন, কয়েক দিন ধরেই সবজির দাম বাড়ছিল, তবে আজ এসে দেখলাম আরও বেড়েছে। ১০০ টাকার নিচে সবজি পাওয়া প্রায় অসম্ভব। কাঁচা মরিচ কিনতে হয়েছে ২৮০ টাকায়, কোথাও কোথাও ৩০০ টাকাও চাওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, বাজারে তদারকি না থাকায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছেন।

রামপুরা বাজারের আরেক ক্রেতা মাসুদ রানা বলেন, কয়েক দিন আগেও ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বেশ কিছু সবজি পাওয়া যেত। এখন বেশির ভাগ সবজির দাম ১০০ থেকে ১৬০ টাকার মধ্যে। সবজির এমন দাম হলে সাধারণ মানুষের পক্ষে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়বে।

বিক্রেতারা বলছেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে উৎপাদন ও সরবরাহ—দুই ক্ষেত্রেই প্রভাব পড়েছে। রাজধানীর শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা নাজিমুদ্দিন বলেন, বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় সরবরাহও কমে গেছে। ফলে পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারে পড়েছে।

তিনি বলেন, বৃষ্টি অব্যাহত থাকলে সবজির দাম আরও বাড়তে পারে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!