জাতীয়

বিসিবির জেলা কোচ নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৯ জন

আপডেট: জুলা ২৪, ২০২৬ : ০৬:২৮ এএম
বিসিবির জেলা কোচ নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৯ জন

দেশজুড়ে ক্রিকেটের তৃণমূল উন্নয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কোচ নিয়োগ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে নেওয়া লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩৯ জন পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, জেলা কোচ নিয়োগে মোট ২১৮টি আবেদন জমা পড়ে। গত বুধবার ঢাকায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রায় ১৭০ জন অংশ নেন। তাদের মধ্য থেকে ৩৯ জন উত্তীর্ণ হন। এরপর বৃহস্পতিবার তাদের ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে মৌখিক পরীক্ষার পুরো কার্যক্রম রেকর্ড করা হয়েছে।

চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। বিসিবি সূত্র বলছে, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মূল্যায়নের পর ৩৯ জনের সবাই চূড়ান্তভাবে নির্বাচিত নাও হতে পারেন। শূন্য পদ থাকলে পরে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

নিয়োগপ্রক্রিয়ায় পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম ও মিজানুর রহমান বাবুল।

টাঙ্গাইল, রাজবাড়ী, কক্সবাজার, খাগড়াছড়ি ও সুনামগঞ্জ ছাড়া দেশের বাকি ৫৯টি জেলা এবং ঢাকা মেট্রোর দুটি ইউনিটের জন্য কোচ নিয়োগের পরিকল্পনা রয়েছে বিসিবির। নির্বাচিত কোচদের দুই বছর মেয়াদি চুক্তিতে নিয়োগ দেওয়া হবে, যা উভয় পক্ষের সম্মতিতে নবায়নযোগ্য।

জেলা কোচ পদে আবেদনের জন্য প্রার্থীদের লেভেল-১ কোচিং সনদ অথবা প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হয়েছে। পাশাপাশি যে জেলার জন্য আবেদন করা হয়েছে, সেই জেলার স্থায়ী বাসিন্দা হওয়ার শর্তও রাখা হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!