জাতীয়

প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইল বাংলাদেশ

আপডেট: জুলা ২৭, ২০২৬ : ০৫:২৫ এএম
প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইল বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রোববার ঢাকায় বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল হামুদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অভিবাসন, কনস্যুলার সেবা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও বৈধ স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, ২০২৬ সালের মধ্যেই সুবিধাজনক সময়ে ঢাকায় বাংলাদেশ–ইউএই দ্বিতীয় যুগ্ম কনস্যুলার কমিটির বৈঠক আয়োজনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।

প্রস্তাবিত ওই বৈঠকে কনস্যুলার ও অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার পাশাপাশি এ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারত্বও পর্যালোচনা করা হয়। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, বন্দর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ সময় প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশ–ইউএই যৌথ ব্যবসায়িক কাউন্সিল সক্রিয় করা এবং সুবিধাজনক সময়ে এর বৈঠক আয়োজনেও দুই দেশ একমত হয়।

বৈঠকে আমিরাতের রাষ্ট্রদূত সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশনে ওয়াদি উরাইয়াহ ন্যাশনাল পার্ককে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে বাংলাদেশের সমর্থনের জন্য সরকারকে ধন্যবাদ জানান।

শেষে উভয় পক্ষ দুই দেশের জনগণের অভিন্ন স্বার্থে বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর করতে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!