জাতীয়

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: জুলা ২৭, ২০২৬ : ০৬:১৬ এএম
মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় প্যারেডে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে আয়োজিত বর্ণাঢ্য প্যারেডে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

অনুষ্ঠানে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের বিভিন্ন ইউনিটের মার্চপাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশটির ঐতিহ্য, শৃঙ্খলা ও জাতীয় গৌরব তুলে ধরে বিভিন্ন প্রদর্শনী পরিবেশন করা হয়।

প্যারেড শেষে মালদ্বীপের সাংস্কৃতিক ঐতিহ্যভিত্তিক এক অনুষ্ঠানে অংশ নেন খলিলুর রহমান। পরে আতশবাজির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।

এর আগে দিনের শুরুতে মালের লোনুজিয়ারাই পার্কে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ‘ফাইভ মিলিয়ন ট্রিস প্রজেক্ট’-এর অংশ হিসেবে একটি ক্রিস্টিনা গাছের চারা রোপণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং দেশটির জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ উপস্থিত ছিলেন।

গাছ লাগানোর উদ্যোগের প্রশংসা করে খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বাংলাদেশ ও মালদ্বীপের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এসব উদ্যোগ।

এ সময় তিনি সৌদি আরবের আরাফাতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাগানো নিমগাছের কথাও স্মরণ করেন, যা বর্তমানে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!