জাতীয়

সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

আপডেট: জুলা ২৮, ২০২৬ : ০৬:০০ এএম
সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ২০ কোটি মানুষের দেশে সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে।

তিনি বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করছে। নারী ও শিশুর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন সংশোধনের মাধ্যমে কঠোর শাস্তির বিধান করা হয়েছে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে শয্যাসংখ্যা ২৫০ থেকে ৬৭০-এ উন্নীত করা হয়েছে। বিদ্যমান সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, চীনের সহযোগিতায় যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে একটি শিক্ষার্থী প্রতিনিধি দল চীন সফর করেছে। দেশে ফিরে তারা ঠাকুরগাঁওয়ে সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমে অংশ নেবে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!