জাতীয়

জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু

আপডেট: জুলা ২৮, ২০২৬ : ০৬:০২ এএম
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সামাজিক নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছেন। উন্নয়ন কার্যক্রমকে সফল করতে সরকার ও জনগণের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে আবদুল আউয়াল মিন্টু বলেন, এ অঞ্চলের প্রধান সমস্যা নদীভাঙন, জলাবদ্ধতা এবং সড়কের বেহাল অবস্থা। দীর্ঘদিনের অবহেলায় জমে থাকা এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানে সরকার কাজ করছে।

তিনি জানান, নদীভাঙনের স্থায়ী সমাধানে মুসাপুর রেগুলেটর ও ক্লোজার প্রকল্প আগামী একনেক সভায় উপস্থাপন করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে দুপুরে দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন মন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন। সভা শেষে স্থানীয় মৎস্যচাষিদের মধ্যে মাছের পোনা এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন পরিবেশমন্ত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!