জাতীয়

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আপডেট: জুলা ২৯, ২০২৬ : ০৫:২৮ এএম
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে এসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। মঙ্গলবার সকালে বঙ্গভবনে পৌঁছে তিনি আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণের পর বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন।

বেলা ১১টা ৮ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ফুল দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এরপর নিজ কার্যালয়ে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কর্মকর্তারা বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিভাগের কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পর্কে তাঁকে অবহিত করেন।

দায়িত্ব পালনের প্রথম দিনেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কয়েকটি সারসংক্ষেপ, বাণী ও দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হল, দরবার হল ও তোষাখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!