জাতীয়

বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারে আগ্রহী চীন

আপডেট: জুলা ২৯, ২০২৬ : ০৫:৩০ এএম
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারে আগ্রহী চীন

বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, সাংস্কৃতিক বিনিময় দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান। বৈঠক শেষে চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংস্কৃতিক বিনিময়কে চীন–বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন। এ খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

বিবৃতিতে রাষ্ট্রদূতের বক্তব্য তুলে ধরে বলা হয়, জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে সাংস্কৃতিক বিনিময় কার্যকর ভূমিকা রাখতে পারে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকে রাষ্ট্রদূত দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের পক্ষ থেকেও রাষ্ট্রদূতের উদ্যোগের প্রশংসা করা হয়। বৈঠকে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহী।

বৈঠকে সংস্কৃতি ও শিল্পকলার বিকাশ, অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবহারিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাও উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!