জাতীয়

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান ত্রাণমন্ত্রীর

আপডেট: আগ ০২, ২০২৬ : ০৫:৪৫ এএম
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান ত্রাণমন্ত্রীর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সরকারের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়; এ জন্য সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

শনিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ হলরুমে ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ২৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, বিগত সরকারের সময়ে সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ করায় দেশের বহু তরুণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক প্রতিরোধ জোরদার করতে হবে।

তিনি বলেন, মাদক নির্মূলে সরকার কাজ করছে। তবে স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি সমাজকে বিভিন্ন সামাজিক অপরাধ থেকেও সুরক্ষিত রাখতে হবে। তিনি স্বেচ্ছাসেবীদের মাদক, জুয়া, ক্যাসিনো, বাল্যবিয়ে ও যৌতুকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার প্রধান শক্তি তরুণরা। তাই মাদককে না বলতে হবে এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানসহ জেলা বিএনপির নেতারা এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!