ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জনগণই দেশের প্রকৃত মালিক এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।
শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট এলাকার গনি কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’র উদ্যোগে সংগঠনের সদস্য ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়ানো সরকারের নীতি বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির অতীত ভূমিকার প্রসঙ্গ তুলে মীর হেলাল বলেন, গত ১৯ বছরে দলটির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও অসহায় মানুষের পাশে ছিলেন। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটে তারা সহযোগিতা অব্যাহত রেখেছেন।
হাটহাজারীর উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাড়ে পাঁচ মাসে উপজেলায় সাড়ে চারশটির বেশি উন্নয়নকাজ শুরু হয়েছে। এর মধ্যে প্রায় ৩৮০টি কাজ শেষ হয়েছে বা শেষ পর্যায়ে রয়েছে।
'প্রত্যাশী'র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও সংস্থার সদস্যদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!