জাতীয়

বুয়েটের অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খানের হাতে ঢাকা ওয়াসার দায়িত্ব

আপডেট: আগ ০২, ২০২৬ : ০৭:৩৯ এএম ১৩
বুয়েটের অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খানের হাতে ঢাকা ওয়াসার দায়িত্ব
অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান । ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। সংশ্লিষ্ট আইনের আওতায় এই নিয়োগ কার্যকর হয়েছে।

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ধারা ৭(১) অনুযায়ী অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ প্রকৌশল বিভাগে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রের মধ্যে রয়েছে পানি সম্পদ ব্যবস্থাপনা, নগর পানি সরবরাহ, বন্যা ঝুঁকি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই জলসম্পদ উন্নয়ন।

শুধু একাডেমিক অঙ্গনেই নয়, পেশাজীবী সংগঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠান (আইইবি)-এর সম্মানসূচক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রকৌশল খাতের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা ওয়াসাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, রাজধানীতে নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা, পানির অপচয় কমানো এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন নতুন চেয়ারম্যানের সামনে অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে।

বর্তমানে ঢাকা ওয়াসা রাজধানী ও আশপাশের এলাকায় কোটি মানুষের জন্য পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন সেবা পরিচালনা করছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংস্থাটির সেবার মান, স্বচ্ছতা এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!