জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ৫ আগস্ট (বুধবার) সকালে নগরীর নিউমার্কেট এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে।
সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্মৃতিস্তম্ভে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংলগ্ন সড়কের প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতিতে বিশেষ দোয়া, প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
তরুণ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে প্রীতিভোজের আয়োজন থাকবে। ডিসি পার্ক, শিশু পার্ক, জিয়া স্মৃতি জাদুঘর ও চিড়িয়াখানাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন বিনোদনকেন্দ্র শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজনের পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, দিবসটি উপলক্ষে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জুলাই স্মৃতিস্তম্ভগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হবে। পাশাপাশি নগরীর প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে সাজানো হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!