খেলাধুলাকে শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তাঁর মতে, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর প্রস্তুতি সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান শিক্ষাক্রমে খেলাধুলাকে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। অথচ এটি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম।
তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ জাতীয় পর্যায়ের একটি বড় আয়োজন হিসেবে গড়ে তোলা উচিত। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা উঠে আসার সুযোগ সৃষ্টি হবে।
প্রতিযোগিতার পরিধি বাড়াতে উপজেলা পর্যায়ের সব স্কুল-কলেজের অংশগ্রহণ নিশ্চিত করে ধাপে ধাপে জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেন তথ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, খেলাধুলাকে শিক্ষাজীবনের স্বাভাবিক অংশে পরিণত করা গেলে উদ্যোগটির প্রকৃত উদ্দেশ্য সফল হবে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে পরিকল্পিতভাবে এ কার্যক্রম পরিচালনা করা গেলে দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। মাঠপর্যায়ে বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আয়োজনটি জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে পরিচিত করে তুলতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকারও আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!