জাতীয়

রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

আপডেট: আগ ১০, ২০২৬ : ০৫:৩০ এএম
রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ায় আন্তঃসীমান্ত সহযোগিতা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ৫৭টি অভিন্ন নদী রয়েছে। এসব নদীর সঙ্গে শুধু পানি ব্যবস্থাপনাই নয়, বরং আঞ্চলিক শান্তি, খাদ্য ও পানি নিরাপত্তা, পরিবেশ, জলবায়ু সহনশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়ও জড়িত।

তিনি বলেন, রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং নতজানু নীতির কারণে আগের সরকার ফারাক্কার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারেনি।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, বন্যা, নদীভাঙন, খরা, লবণাক্ততা ও পানি সংকট দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এসব সমস্যা মোকাবিলায় আন্তঃসীমান্ত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি বলেন, নদীর পানির প্রবাহ ও বন্যার পূর্বাভাসসংক্রান্ত তথ্য বিনিময়, যৌথ গবেষণা, দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে দেশগুলোর পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে পানিসম্পদমন্ত্রী টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, জ্বালানি ও আঞ্চলিক যোগাযোগের মতো অভিন্ন চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবিলার আহ্বান জানান।

পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা

সেমিনারে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন হয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কারিগরি পরামর্শক কমিটির মতামত পাওয়ার পর দ্রুত কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

পদ্মা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও খাল খননের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর সদস্যসচিব প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বকুল এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!