জাতীয় বৃক্ষমেলা শেষ হলেও গাছ লাগানো, পরিচর্যা ও সবুজ বাংলাদেশ গড়ার কাজ থেমে থাকবে না। বরং বৃক্ষমেলা শেষ হওয়ার পর থেকেই এ কাজ আরও জোরদার করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনের হৈমন্তী মিলনায়তনে জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম বছরেই পাঁচ কোটি চারা রোপণের কার্যক্রম চলছে। এর মধ্যে বন অধিদপ্তর ৩ কোটি ৫০ লাখ গাছের চারা রোপণ করবে।
তিনি বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, তরুণ ও যুব সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষ একসঙ্গে এগিয়ে এলে ২০৩৫ সালের মধ্যে দেশের বৃক্ষাচ্ছাদনের পরিমাণ ২৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করা সম্ভব হবে।
মন্ত্রী আরও বলেন, পরিবেশ ও বন সংরক্ষণে সরকারের নেওয়া উদ্যোগ এখন শুধু ঘোষণা বা পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ নেই, বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ৩ লাখ ৫০ হাজারের বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ সবুজ কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যুবসমাজ, নারী ও গ্রামীণ জনগোষ্ঠীকে এতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ ছাড়া সারা দেশে ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রায় আড়াই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান পরিবেশমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জলবায়ু ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম (টিপু)। সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী।
সমাপনী অনুষ্ঠানে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৫-এর দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ব্যক্তি, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও গাছ চেনা প্রতিযোগিতার বিজয়ী এবং বৃক্ষমেলার নির্বাচিত স্টলমালিকদের পুরস্কার ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে বন অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারী, নার্সারি ও স্টলমালিক, পরিবেশ ও বন খাতের অংশীজন, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!