জাতীয়

টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: এ্যানি

আপডেট: আগ ১৩, ২০২৬ : ০৫:৫৬ এএম
টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: এ্যানি

গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতাবিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবিলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপির নেতৃত্বে ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে বাম ঐক্যের অসামান্য ভূমিকা ছিল। গণতন্ত্রকে আরও শক্তিশালী ও টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা প্রয়োজন।

বিরোধী দলগুলোর উদ্দেশে পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো ছয় মাসও পূর্ণ হয়নি। একটি সরকারকে মূল্যায়নের জন্য সময় দিতে হয়। অথচ এরই মধ্যে সরকার উৎখাত করে ক্ষমতায় বসার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ যারা তৈরি করতে চান, এর দায়দায়িত্ব তাঁদেরই নিতে হবে। দেশের জনগণ রাজপথে থেকে অতীতেও সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেছে।

আগামী দিনেও রাজপথে থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!