প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৪ সালের ৭ জুলাইয়ের ফেসবুক পোস্টের স্ক্রিনশট দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত স্ক্রিনশটকে ভুয়া বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানিয়েছে, সম্প্রতি ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৪ সালের ৭ জুলাইয়ের পোস্ট দাবি করে একটি কথিত স্ক্রিনশট প্রচার করা হয়। বিষয়টি যাচাই করে তারা দেখতে পেয়েছে, ওই তারিখে তারেক রহমান এমন কোনো পোস্ট করেননি।
বাংলাফ্যাক্টের যাচাই অনুযায়ী, তারেক রহমানের ওই তারিখের একটি প্রকৃত ফেসবুক পোস্টের শীর্ষ অংশ—পরিচয় ও সময়সূচি—ক্রপ করে কথিত পোস্টটি তৈরি করা হয়েছে। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটির মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজে বাংলাদেশকে ঘিরে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
এসব অপতথ্যের একটি অংশে বিগত অন্তর্বর্তী সরকার, ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দল ও সংগঠনকে লক্ষ্য করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও বিএনপি সরকারকে ঘিরেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট কী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম হলো বাংলাফ্যাক্ট। প্রতিষ্ঠানটি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে। পাশাপাশি গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণাও করে।
বাংলাদেশে ছড়িয়ে পড়া গুজব, ভুয়া খবর ও অপতথ্য শনাক্ত করে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে বাংলাফ্যাক্ট কাজ করছে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!