রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।
আজ শনিবার সকাল ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি মোনাজাতে অংশ নেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নতুন ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ৫০০ শয্যা যুক্ত হওয়ায় এখন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যা ১ হাজার। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
২০১২ সালে শুরু, এবার ১ হাজার শয্যা
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের কার্যক্রম শুরু হয় ২০১২ সালে। সে সময় ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটি চালু করা হয়েছিল।
রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় পরে চিকিৎসাসেবা সম্প্রসারণের জন্য আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত হলো।
নতুন ভবন চালুর ফলে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতাও বাড়বে হাসপাতালটির।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!