দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করলেই দায়িত্ব শেষ হয় না। জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলি বিকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। আগামীর বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে মেধাবী প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট, ফুল ও গাছের চারা তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্যসচিব মো. এনামুল কাদির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ
এর আগে নিজ নির্বাচনী এলাকায় তিন দিনের সরকারি সফরের শেষ দিনে প্রতিমন্ত্রী নান্দাইলের চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়ে প্রয়োজনীয় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান।
পরে নান্দাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সড়ক ও জনপথের রাস্তা থেকে ডা. আবু আলী ফকিরের রাস্তা পর্যন্ত সড়ক আরসিসিকরণ কাজের উদ্বোধন করেন ইয়াসের খান চৌধুরী। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!