রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে তাঁকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী অভ্যর্থনা জানানো হয়। পরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি হিসেবে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হয়। এ সময় বঙ্গভবনের কর্মকর্তারা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শুক্রবার শপথ নেন মির্জা ফখরুল
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ নেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি।
২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত
এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!