জাতীয়

দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: আগ ২৪, ২০২৬ : ০৫:৪০ এএম
দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার বিকেলে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তৃণমূলের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালু করা হবে।

তিনি বলেন, হেলথ হাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসেবা এক ছাতার নিচে পাওয়া যাবে। সেখানে চিকিৎসক পদায়ন করা হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করবেন। স্তন ও জরায়ুমুখের ক্যানসারও প্রাথমিক পর্যায়ে শনাক্তের উদ্যোগ নেওয়া হবে।

মেডিকেল কলেজে শিক্ষকসংকট ও আইসিইউ চালুর বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বন্ধ থাকা আইসিইউ এবং নতুন মেডিকেল কলেজগুলোও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসাসেবার মান বাড়ানোর পাশাপাশি দায়িত্বে অবহেলার বিষয়েও কঠোর অবস্থান নেওয়া হবে। কর্তব্যে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।

জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!