কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ইয়াসের খান চৌধুরী দুই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্ব বণ্টনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংশ্লিষ্ট জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তদারকি ও প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমও তাঁরা পর্যবেক্ষণ করবেন।
সরকারের টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি নির্মূলের অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ হিসেবে মাঠপর্যায়ে এই তদারকি ও সমন্বয় কার্যক্রম পরিচালিত হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই দায়িত্ব বণ্টন অবিলম্বে কার্যকর হবে।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!