জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

আপডেট: সেপ্টে ১১, ২০২৬ : ০৪:২৭ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন, দেশের খাদ্যশিল্পের বিকাশে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সম্ভাবনাময় খাদ্য ও কৃষিভিত্তিক শিল্পকে এগিয়ে নিতে সরকার, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১১তম বাপা ফুডপ্রো আন্তর্জাতিক এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী ইশতেহারে খাদ্যনিরাপত্তা, কৃষক ও কৃষির উন্নয়ন এবং জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও গুণগত মানসম্পন্ন খাদ্য সরবরাহ করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। এ জন্য খাদ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ—প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে।

খাদ্য রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে

খাদ্য ও প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানান আফরোজা খানম।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন কাজে লাগিয়ে দেশের খাদ্যপণ্যের গুণগত মান বাড়ানোর পাশাপাশি রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এর মাধ্যমে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, অপচয় কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় পণ্যের রপ্তানি বাড়ানো সম্ভব হবে।

তিনি বলেন, বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর মতো আয়োজন উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের অঙ্গীকার বাস্তবায়নেও এ ধরনের আয়োজন সহায়ক হবে।

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। এবারের প্রদর্শনীতে ৩৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে বাপার সভাপতি মাহবুব আনামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

এ ছাড়া এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ বাপা, এক্সপো আয়োজক কমিটি এবং রিমসের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!