কৃষক পর্যায়ে সার সরবরাহে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দাম আদায় বরদাশত করা হবে না বলে সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে ডিলার ও খুচরা বিক্রেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার বিএফএ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও অসাধু ও অসংগঠিত ব্যবসায়ীদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইভাবে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ডিলারদের গুদাম লুট করে সারসংকট তৈরির অপচেষ্টাও বরদাশত করা হবে না।
বিএডিসি, বিসিআইসি ও বেসরকারি খাতের বরাদ্দ করা ইউরিয়া ও নন-ইউরিয়া সার নির্ধারিত সময়ে উত্তোলন করে নিজস্ব গুদামে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এসব সার বিক্রি নিশ্চিত করতে বলা হয়েছে।
মজুত ও বিক্রির তথ্য সংরক্ষণের নির্দেশ
বিএফএ জানিয়েছে, ডিলারদের উত্তোলন করা সারের আগমনী বার্তা সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জমা দিতে হবে। একই সঙ্গে তা কেন্দ্রীয় বিএফএর হোয়াটসঅ্যাপেও পাঠাতে হবে।
সারের মজুত ও বিক্রির তথ্য যথাযথভাবে রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। বিএফএর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ডিলারদের সার বিক্রির কার্যক্রম নিয়মিত মনিটরিং করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ডিলার, খুচরা বিক্রেতা বা অন্য কেউ অতিরিক্ত দামে সার বিক্রি করলে কিংবা নীতিমালাবহির্ভূত কর্মকাণ্ডে জড়ালে স্থানীয় প্রশাসন ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নিতে পারবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় বিএফএ কোনো হস্তক্ষেপ করবে না।
সমস্যায় মনিটরিং সেলে যোগাযোগ
সার উত্তোলন ও নিরবচ্ছিন্ন বিতরণে কোনো ধরনের সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিএফএর কেন্দ্রীয় ‘সার সংক্রান্ত মনিটরিং সেল’-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
কৃষকদের কাছে নির্ধারিত দামে সার পৌঁছে দিতে ডিলার ও খুচরা বিক্রেতাদের সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে বিএফএ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!